Description
প্রাণের আকুতি নিয়ে আমরা সাগরের কাছে যাই, কেউ কেউ চড়ি পাহাড়ে। কিন্তু সত্যিই আমরা সেই অরূপের সন্ধান পাই? লগ্নভ্রষ্টা যে মেয়েটি সারারাত কাঁদল, কেউ কি আসবে তার হাতে সুখের সুরাপাত্র তুলে দিতে? কেউ না, আমিও না, তুমিও না। কেউ না। কেন? কারণ আমরা পশু পাখির মত অতি সাধারণ জীব।
নতুনের সকল আলোড়ন আমরা বুঝতে পারি, বুঝে নেই সহজেই। কিন্তু যে মানুষটি বহু দশক আমাদের পাশে পাশে কাছে কাছে থেকে যেতে যেতে জড় হয়ে গেছে, আমরা তাঁকে বুঝিনা। আমরা কেবল আমাদের আহ্লাদের মর্ম বুঝে নিয়ে আলোকরেখা বরাবর এগিয়ে যাই। অন্ধকারের ধারে যারা পড়ে থাকে তারাও কেউ কেউ আমাদের অতি প্রাণ।
কবি নুরুল মোস্তফা কামাল জাফরী ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করলেও কবি চিরকাল কবিতা, গল্প, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশুতোষ রচনা, আবৃত্তি, সায়েন্স ফিকশন, জীবনীরচনা, ছড়া, গোয়েন্দা উপন্যাস, কিশোর কাহিনী, রহস্য উপন্যাস, সম্পাদনা, গবেষণা, পুস্তিকা রচনা, রম্য রচনা, পল্লীসাহিত্য, আবৃত্তি, নাট্য পরিচালনা, ম্যাটেরিয়াল এবং মডিউল ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে থাকতে চেয়েছেন। তাই উন্নয়নকর্মী ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে জীবিকা নির্বাহ করলেও দিনশেষে তিনি সতত ফিরে আসেন ভালোবাসার জায়গাগুলোতে। ভালোবাসেন রাজনীতি। ভালোবাসেন চট্টগ্রামী ভাষা। জীবনের তাগিদে শিখতে হয়েছে রোহিঙ্গা ভাষাও।
তিনি ১৯৮৮ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচোড়া গ্রামে (ঠাণ্ডার পাড়া) জন্মগ্রহণ করেন।
২০০৩ সালে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইন্সটিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করার পর এইচএসসি পাস করেন চট্টগ্রাম কলেজ থেকে, মানবিক বিভাগে। বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর পাশ করার পর তিনি পড়াশোনা করেছেন শিক্ষা বিজ্ঞান, প্রকল্প ব্যবস্থাপনা, মনিটরিং এন্ড ইভালুয়েশন, অরগানাইজেশন ডেভেলপমেন্ট, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক এন্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা প্রযুক্তি, ইসলামিক স্টাডিস; খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, ও শিখ ধর্মতত্ত্ব; এবং জেন্ডার স্টাডিজ ইত্যাদি বিষয়ে।
তিনি বর্তমানে পালাকাটা আলিম মাদ্রাসায় ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি আন্তর্জাতিক কূটনীতি বিষয়ক চ্যানেল The Diplomatika -এর সম্পাদক। তিনি BNP News Point এবং Zia Journal সম্পাদনার পাশাপাশি Begum Khaleda Zia Center’র অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ জুলাই পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (IELTA)’র প্রতিষ্ঠাতা ও সভাপতি।
তিনি বর্তমানে ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে পিএইচডি গবেষণা করছেন।